সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে- এ বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, "যুবসমাজ, কিশোর ও শিশুরাই আগামীর দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তারা যেন কোনোভাবেই অপকর্মে জড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।"
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ফরিদপুরের বোয়ালমারীতে নজরুল বর্ষ উপলক্ষে নবনির্মিত পাঠাগার ‘অ্যাথেনিয়াম’ উদ্বোধন এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে ‘অ্যাথেনিয়াম’ পাঠাগার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, "স্কুলে নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। সময়মতো বিদ্যালয়ে আসতে হবে। একই সঙ্গে যার যে দায়িত্ব, নিজ নিজ অবস্থান থেকে তা যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই সমাজ ও দেশের উন্নতি সম্ভব।"
তিনি বলেন, "জেলা প্রশাসক, ইউএনও, কৃষি কর্মকর্তা, ওসি- আমরা সবাই জনগণের সেবায় নিয়োজিত। মানুষের সমস্যাগুলো দেখার জন্যই আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই যেকোনো সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আসতে হবে।"
সমাজের অবক্ষয় ও মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, মাদক ও শিশু অপরাধসহ সমাজের যেসব অবক্ষয় রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। শিশু-কিশোর ও তরুণদের পড়ালেখা ও খেলাধুলায় উৎসাহিত করতে হবে, যাতে তারা কোনো অপকর্মে জড়িয়ে না পড়ে।
তিনি আরও বলেন, একটি চিন্তা আমাদের সবার মধ্যে থাকতে হবে- সবার আগে বাংলাদেশ। এই ধারণা আমাদের বুকের ভেতর ধারণ করতে হবে। এই চেতনা লালন করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণকে ‘চমৎকার উদ্যোগ’ উল্লেখ করে মো. মনিরুজ্জামান মিঞা বলেন, "এসব মহৎ উদ্যোগের সঙ্গে সামিল হতে পেরে তিনি আনন্দিত। যারা এসব শিক্ষা উপকরণ ও বাইসাইকেল পাচ্ছে, তারা একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।"
তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা সব অপশক্তি ও অপকর্মকে পরাজিত করব। আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যের মধ্য থেকে সমাজ ও দেশের জন্য যা যা করা সম্ভব, তা করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভির আহমেদ, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি খান আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এ ছাড়া রূপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়, কাদিরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয় ও এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে সহশিক্ষা কার্যক্রমের জন্য হারমোনিয়াম, গিটার ও তবলা তুলে দেওয়া হয়।
ইউএনও এস এম রকিবুল হাসান বলেন, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।