কিশোর ওমর আলী হত্যাকান্ডের রহস্য উদঘাটন করল পিবিআই

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দীতে চাঞ্চল্যকর কিশোর ওমর আলী (১৪) হত্যা মামলার প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ সাড়ে পাঁচ বছর তদন্তের পর মামলাটির রহস্য উদঘাটনে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের চানমারি এলাকায় পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

পিবিআই সূত্র জানায়, ২০২১ সালের ৩ জানুয়ারি বালিয়াকান্দি উপজেলার কিশোর ওমর আলীকে হত্যা করা হয়। পরদিন ৪ জানুয়ারি উপজেলার ঢুলজানি গ্রামের একটি ঘাসের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। এ ঘটনার পর নিহতের পিতা আহেদ শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি প্রথমে বালিয়াকান্দি থানা পুলিশ তদন্ত করে। দীর্ঘদিনেও কিশোর ওমর আলী হত্যাকাণ্ডের কোন কূলকিনারা না হওয়ায় পরে মামলাটির তদন্তভার পিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়। এরপর ফরিদপুর পিবিআই দীর্ঘদিন তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নজরুল ইসলাম (৪৮) কে শনাক্ত করে। পরবর্তীতে ৫ অক্টোবর তারিখ রাত ২ টার দিকে ঢাকা জেলার আশুলিয়া কাঠগড়া এলাকার লাল মিয়া টাওয়ারের একটি ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করে। 

পিবিআই পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারের পর আসামি নজরুল ইসলাম মঙ্গলবার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া জবানবন্দির ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত আরও কয়েকজনের পরিচয় জানতে পারে পিবিআই ফরিদপুর। বর্তমানে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে পরকীয়ার বিষয় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পিবিআই পুলিশ সুপার ।

পিবিআই জানায়, দীর্ঘদিনের ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ উদঘাটনে কাজ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মো. তাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে পিবিআই ফরিদপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



সর্বশেষ সর্বাধিক পঠিত