আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীয়ের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে গত ৪ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দল অংশ নেয়। বিশ্বের ৯৫টি দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করেন। বাংলাদেশ দল একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করে।

সাক্ষাৎকালে মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই নিজেদের সেভাবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সম্পৃক্ত হতে হবে। ভবিষ্যতে বাংলাদেশ দল আরও বড় সাফল্য অর্জন করবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদ উপস্থিত ছিলেন।