ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ১৯৩৫

চলতি বছরের শুরু থেকে দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮০ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৩ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে খুলনা বিভাগে ২৯২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন, রাজশাহী বিভাগে ২০৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন এবং সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৪ হাজার ১৫১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ হাজার ২০৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও দুই হাজার ৫৭ জন। একই সময়ে ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হওয়ায় চলতি বছর এ রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

এর আগের বছর ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয় ৫৭৫ জনের।

২০২৩ সালে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। ওই বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।