থিয়েটার আর্ট ইউনিটের ৩৫ বছর পূর্তি

দেশের প্রথম সারির নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট এ বছর ৩৫ বছরে পা দিয়েছে। একই সময়ে দলটির ১২তম প্রযোজনা ‘আমিনা সুন্দরী’ পূর্ণ করতে যাচ্ছে শততম মঞ্চায়ন। দুই মাইলফলক উপলক্ষে দুই দিনের বিশেষ আয়োজন করেছে নাট্যদলটি।

আগামী ১৫ ও ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে ‘আমিনা সুন্দরী’। নাটকটির রচনা করেছেন এস এম সোলায়মান এবং নির্দেশনায় রয়েছেন রোকেয়া রফিক বেবী।

প্রায় ৩০০ বছরের পুরোনো লোককাহিনি ‘নছর মালুম ও ভেলুয়া সুন্দরী’ অবলম্বনে গড়ে উঠেছে ‘আমিনা সুন্দরী’র গল্প। বাঙালি নারীর প্রেম, ত্যাগ ও অপেক্ষার পাশাপাশি পুরুষশাসিত সমাজে নারীর প্রতি প্রতারণা ও প্রবঞ্চনাও নাটকটির অন্যতম বিষয়।

নাট্যদলটির ভাষ্য, প্রায় তিন শত বছরের পুরোনো এই লোককাহিনির মধ্যেও বর্তমান সমাজের বাস্তবতা খুঁজে পাওয়া যায়। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রেম, ত্যাগ, বঞ্চনা ও স্বামীর প্রতারণার গল্প আজও প্রাসঙ্গিক। তাই ‘আমিনা সুন্দরী’কে শুধু একজন নারীর গল্প হিসেবে নয়, হাজারো নারীর গল্প হিসেবে মঞ্চে তুলে ধরা হয়েছে।

একটি নাটকের শততম মঞ্চায়ন যেকোনো নাট্যদলের জন্যই বড় অর্জন। ‘আমিনা সুন্দরী’র মঞ্চব্যবস্থাপক ও দলের প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত দেশ রূপান্তরকে বলেন, একটি নাটকের ১০০তম প্রদর্শনী সম্পন্ন করা বিশাল আনন্দ ও গর্বের। এই অর্জনের নেপথ্যে যাঁদের অবদান ও সহযোগিতা ছিল, সব নাট্যপ্রেমী, দর্শক ও নাট্যকর্মীকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

‘আমিনা সুন্দরী’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিল্লাত, পল্লবী মাতব্বর, তানিয়া চৌধুরী শিল্পী, রেজাউল আমীন সুজন, স্বাধীন শাহ, ফেরদৌস আমিন বিপ্লব, মেহমুদ সিদ্দীকি লেনিন, সজল চৌধুরী, ঈন্দ্রানী ঘটক, আহসান জামীল, রানা সিকদার, মানিকসহ আরও অনেকে।

থিয়েটার আর্ট ইউনিটের ৩৫ বছরের যাত্রায় ‘কোর্ট মার্শাল’, ‘গোলাপজান’, ‘সময়ের প্রয়োজনে’ ও ‘আমিনা সুন্দরী’র মতো দর্শকনন্দিত ও সফল প্রযোজনা মঞ্চে এসেছে।

দলটির ৩৫ বছর পূর্তি এবং ‘আমিনা সুন্দরী’র শততম মঞ্চায়ন উপলক্ষে আয়োজিত দুই দিনের বিশেষ প্রদর্শনীতে নাট্যপ্রেমীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে থিয়েটার আর্ট ইউনিট।