আইএসইউতে ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ অনুষ্ঠিত

ফ্যাশন, অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও টেক্সটাইল বিষয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাবের আয়োজনে মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে অ্যাপারেল, ফ্যাশন, মার্চেন্ডাইজিং ও টেক্সটাইলবিষয়ক কুইজ, ফ্যাশন মুড বোর্ড উপস্থাপনা, ফ্যাশন শো ও র‍্যাম্প ওয়াক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক এইচ. টি. এম. কাদের নেওয়াজ এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাপারেল মার্চেন্ডাইজিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জগলুল হক মৃধা।

অধ্যাপক মো. আবুল কাশেম বলেন, আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাব আয়োজিত এ ফ্যাশন শো শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের সঙ্গে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক সম্পৃক্ততা তৈরিতে এ ধরনের আয়োজন বিশেষ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উপস্থাপনা তাকে মুগ্ধ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিজয়ীদের নির্বাচন করা বিচারকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আইএসইউ মার্চেন্ডাইজিং ক্লাবকে ধন্যবাদ জানিয়ে তিনি সব প্রতিযোগীকে অভিনন্দন জানান।

বিভাগীয় প্রধান জগলুল হক মৃধা বলেন, ফ্যাশন শো ও কুইজ প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও আত্মবিশ্বাস বিকাশের পাশাপাশি টেক্সটাইল ও অ্যাপারেল শিল্প সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করে। ফ্যাশন শোর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের নকশা ও সৃজনশীলতা উপস্থাপনের সুযোগ পেয়েছে। আর কুইজ প্রতিযোগিতা তাদের বিষয়ভিত্তিক জ্ঞান ও তাৎক্ষণিক চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করেছে। ভবিষ্যতের টেক্সটাইল ও অ্যাপারেল শিল্পের জন্য দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী গ্র্যাজুয়েট তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী ফিয়েস্তার প্রথম পর্ব ‘থ্রেডস অ্যান্ড ট্রিভিয়া’-তে অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ও টেক্সটাইলবিষয়ক কুইজে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আলিফা আক্তার আশা, দ্বিতীয় হন আদনান মাহমুদ এবং তৃতীয় হন মোছা. মাফিয়া খানম মিতু। বিজয়ীদের সনদ প্রদান করা হয়।

এরপর ‘স্টোরি অন এ বোর্ড’ পর্বে শিক্ষার্থীরা সৃজনশীল ফ্যাশন মুড বোর্ড উপস্থাপন করেন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জেমি জাহান, দ্বিতীয় সিজমি এবং তৃতীয় উম্মে হাবিবা।

আয়োজনের প্রধান আকর্ষণ ‘ইকোস অব অটম স্কাই’-তে ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ফ্যাশন শো ও র‍্যাম্প ওয়াক অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রথম স্থান অর্জন করেন মুসকান হাসান, দ্বিতীয় তানভীর আহমেদ এবং তৃতীয় নিধি তেরেসা গোমেজ।

ফ্যাশন শোর প্রধান বিচারক ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আফরোজা হক ডেইজি। বিশেষ বিচারক ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক লিনা জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক মো. সোহেল আনোয়ার এবং আইএসইউর ডিপার্টমেন্ট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক মো. হাসিবুল হাসান।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপন গুড ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিরুল ইসলাম আপন ও ফিয়াট ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বাদশা। অনুষ্ঠানে বিজয়ীদের আর্থিক পুরস্কার, উপহার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

‘দ্য ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬’ আয়োজনে সহযোগিতা করে রাইজ, মোমেন্টস, ফিয়াট ফ্যাশন লিমিটেড, আপন গুড ফুড লিমিটেড, সিক্সথ সিজনস, ওয়ান লাইফস্টাইল বাংলাদেশ, রিভা ও রঙ্গো। মিডিয়া পার্টনার ছিল গ্রীন টেলিভিশন।

আয়োজকদের মতে, এ আয়োজন শুধু ফ্যাশন উৎসব নয়; বরং শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, উপস্থাপনা দক্ষতা ও প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এর মাধ্যমে একাডেমিক শিক্ষার সঙ্গে ফ্যাশন ও অ্যাপারেল শিল্পের সংযোগ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে।