মন্ত্রীর মর্যাদা পেলেন মিঠুন চক্রবর্তী

আজ থেকে প্রায় ২০ বছর আগে ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ সিনেমার মাধ্যমে বেশ আলোচনার ঝড় তুলেছিলেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। এবার পর্দার সেই মিনিস্টার থেকে বাস্তবেই মন্ত্রীর মর্যাদা পেলেন ‘মহাগুরু’ খ্যাত এই তারকা। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিঠুনকে। যেটা একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদার। 

উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্‌যাপনের সরকারি অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েই রেখেছিলেন। বুধবার (৭ অক্টোবর) সরকারি বিজ্ঞপ্তিতে এল আনুষ্ঠানিক ঘোষণা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। 

 
বর্তমানে পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দুর হাতে। সেই দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন কী কী দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে নতুন সরকারের আমলে টালিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন। ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কমিটিরও মুখ্য উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি।