তিক্ততা ভুলে একসঙ্গে রাজ-মিমি, নতুন চর্চা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

মিমি চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। টলিউডের এই দুই অভিনেত্রীর সম্পর্কের ওঠাপড়া নিয়ে একসময় কম আলোচনা হয়নি। পরিচালক রাজ চক্রবর্তীকে কেন্দ্র করে অতীতে মিমি চক্রবর্তী ও শুভশ্রীর সমীকরণ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই সম্পর্কের রসায়নও।

এবার মিমির নতুন ছবি ‘তাণ্ডব’-এর পোস্টার প্রকাশ্যে আসতেই তাকে শুভেচ্ছা জানালেন শুভশ্রী। শুধু তাই নয়, শুভশ্রীর বার্তার জবাব দিতে গিয়ে তাকে বিশেষ সম্বোধনও করলেন মিমি। দুই অভিনেত্রীর এই সৌজন্য বিনিময়েই ফের চর্চায় তাদের সম্পর্ক।

আসছে ডিসেম্বরেই মিমি চক্রবর্তীর বিয়ের কথা রয়েছে। একদিকে তার বিয়ে নিয়ে টলিপাড়ায় জল্পনা, অন্যদিকে বড়পর্দায় আসছে নতুন ছবি ‘তাণ্ডব’। রাজ চক্রবর্তীর প্রযোজনায় এই ছবির হাত ধরেই প্রায় এক দশক পর ফের একসঙ্গে কাজ করছেন রাজ ও মিমি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশ্যে এসেছে ‘তাণ্ডব’-এর প্রথম পোস্টার। আর সেখানেই একেবারে অন্য অবতারে ধরা দিয়েছেন মিমি। চেনা গ্ল্যামারাস নায়িকার বদলে পোস্টারে দেখা যাচ্ছে এক লড়াকু মা’কে। এলোমেলো চুল, সাধারণ সালোয়ার, পিঠে ব্যাগ। মুখে আঘাতের চিহ্ন। বুকে আগলে রেখেছেন দুধের শিশুকে। চোখেমুখে আতঙ্ক, কিন্তু সেই আতঙ্কের আড়ালেই যেন লুকিয়ে রয়েছে প্রতিরোধের ইঙ্গিত।

পোস্টারের সঙ্গে লেখা, ‘দেওয়ালে পিঠ ঠেকলে, তাণ্ডব হবেই!’ ছবিতে মিমির চরিত্র যে একেবারেই গতানুগতিক নয়, প্রথম ঝলকেই তার আভাস মিলেছে। এক মায়ের লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হবে ছবির গল্প।

পোস্টারটি নিজের সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিয়েছিলেন মিমি। আর সেখানেই শুভেচ্ছা জানিয়ে হাজির শুভশ্রী। অভিনেত্রীর মন্তব্য, ‘এই সিনেমাটার জন্য আমি ভীষণ উত্তেজিত।’

উত্তরে শুভশ্রীকে ‘ম্যাডাম প্রোডিউসার’ বলে সম্বোধন করেছেন মিমি। ভালোবাসা মিশিয়ে দিয়েছেন তার জবাবেও। দুই অভিনেত্রীর এই ছোট্ট কথোপকথনই আপাতত নেটপাড়ার নজর কেড়েছে।
আসলে মিমি ও শুভশ্রীর সম্পর্কের ইতিহাস টলিউডের অজানা নয়। একসময় তাঁদের বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছিল। রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় এবং পরবর্তী সময়ে রাজের সঙ্গে শুভশ্রীর বিয়ে, সব মিলিয়ে দুই অভিনেত্রীকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে সময়ের সঙ্গে সেই পুরনো তিক্ততার জায়গায় এসেছে সৌজন্য। ব্যক্তিগত সমীকরণ যেমন বদলেছে, তেমনই প্রকাশ্যে একে অপরের প্রতি সম্মান ও শুভেচ্ছা জানাতেও দেখা গিয়েছে তাঁদের।

শুভশ্রী ও রাজের দুই সন্তান ইউভান এবং ইয়ালিনীর জন্মের পর তাঁদের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি। আবার মিমির জন্মদিনেও ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন শুভশ্রী। সেই কার্ডে ছিল ইউভান ও ইয়ালিনীর নামও।

২০২৫ সালে একটি বিজ্ঞাপনী ভিডিওর কাজে দুই অভিনেত্রীকে একই ফ্রেমে দেখা গিয়েছিল। সেই মুহূর্ত অনুরাগীদের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস তৈরি করেছিল। যদিও তার আগের বছর তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে দূরত্বের জল্পনা তৈরি হয়েছিল, বিজ্ঞাপনী কাজের সূত্রে ফের একসঙ্গে দেখা যাওয়াকে অনেকেই সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।

এবার ‘তাণ্ডব’-এর পোস্টার ঘিরে শুভশ্রীর উচ্ছ্বাস এবং মিমির পালটা ভালোবাসা সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করল। ছবিটির সঙ্গে শুভশ্রীর প্রযোজনাগত যোগ রয়েছে বলেই তার এই শুভেচ্ছা নিছক সহকর্মীর সৌজন্য নয়, তার মধ্যে রয়েছে ব্যক্তিগত উচ্ছ্বাসও।

 একটা সময় যাদের সম্পর্ক নিয়ে টলিউডে আলোচনা থামত না, আজ তাদের কথোপকথনে উঠে আসছে সহযোগিতা আর পরস্পরের কাজের প্রতি সম্মান। পর্দায় মিমির ‘তাণ্ডব’ কতটা ঝড় তোলে, তা জানতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ছবির প্রথম পোস্টার প্রকাশের পরেই বাস্তবের টলিউডে যে অন্য এক সমীকরণের চর্চা শুরু হয়েছে, তা বলাই যায়।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত