ড্রেসিংরুমের অন্তর্দন্দ দূর করে এবং একটি হতাশাজনক মৌসুমের পর দলকে আবার ছন্দে ফেরানোর দায়িত্ব দিয়ে জোসে মরিনহোকে রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে আনা হয়েছিল। তবে ভেতরের কিছু সমস্যা এখনো রয়ে গেছে।
২০২৫/২৬ মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করা, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় এবং কোপা দেল রে-র শেষ ১৬ থেকে বাদ পড়ার মধ্য দিয়ে তাদের মৌসুম শেষ হয়। মৌসুমের শেষের দিকে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, অনুশীলনে হাতাহাতিতে জড়ানোর কারণে ওরেলিয়েন শুয়ামেনি ও ফেদেরিকো ভালভার্দেকে ৫ লাখ ইউরো জরিমানা করা হয়েছিল।
রিয়াল প্রেসিডেনট ফ্লোরেন্তিনো পেরেজ আশা করেছিলেন মরিনহোর কঠোর ও একনায়কতান্ত্রিক ব্যক্তিত্ব দলের সংস্কৃতিতে পরিবর্তন আনবে। কিন্তু উত্তেজনা এখনো তুঙ্গে। স্প্যানিশ রেডিও স্টেশন কাদেনা সার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ড্রেসিংরুমে নাম প্রকাশে অনিচ্ছুক দুই খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়ার পর ভেতরের পরিবেশ বর্তমানে 'বরফের মতো ঠান্ডা'।
পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছেন কিলিয়ান এমবাপে, যিনি এই পুরো উত্তেজনার কেন্দ্রে রয়েছেন। গত মৌসুমে রহস্যজনক ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অনুপস্থিত থেকে ভক্তদের ক্ষুব্ধ করেছিলেন এই ফরাসি ফরোয়ার্ড। এবার আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দল থেকে দূরে থেকে প্রেমিকার সাথে প্যারিসের নাইটক্লাবে যাওয়া এবং আল্পস পর্বতে সাইকেল চালানোর ভিডিও পোস্ট করে পুনরায় আলোচনায় এসেছেন।
সাইকেল চালানোর বিষয়টি মরিনহো আরোপিত কঠোর একটি নিয়মের সরাসরি লঙ্ঘন বলেই মনে হচ্ছে। মরিনহো বলেছিলেন, "তুমি দিনে ২৪ ঘণ্টাই একজন ফুটবলার। তোমার সব আচরণই তোমার কাজের প্রতিচ্ছবি—তুমি কী খাচ্ছ, কী পান করছ, কেমন ঘুমাচ্ছ, এমনকি তোমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তগুলোও। তুমি স্কিয়িং করতে পারো না, সাইকেল চালাতে পারো না।"সাইকেল থেকে পড়ে গিয়ে তোমার হয়তো তিনটা ম্যাচ মিস হতে পারে, কিংবা আরও খারাপ কিছু হতে পারে, পা ভেঙে যেতে পারে... ফুটবলার হতে গেলে তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়।"
মরিনহো যে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হিমশিম খাচ্ছেন, তার আরও একটি উদাহরণ মিলল চলতি সপ্তাহে—তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। ড্রাইভিং লাইসেন্স ৮ মাসের জন্য স্থগিত ও জরিমানার মুখে পড়ে ক্ষমা চেয়েছেন এই ডিফেন্ডার।
ফিফা উইন্ডোতে প্রায় তিন সপ্তাহের পর শনিবার থেকে আবার লা লিগা শুরু হচ্ছে। ভিয়ারিয়ালের সঙ্গে খেলবে রিয়াল মাদ্রিদ।