মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে মিরসরাই সদর ৯ নম্বর ইউনিয়নের আন্তঃওয়ার্ড খেলার উদ্বোধন করেন মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ১ নম্বর ওয়ার্ড মোটবাড়িয়া ফুটবল একাদশ ও ৪ নম্বর ওয়ার্ড গড়িয়াইশ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গড়িয়াইশ ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় মোটবাড়িয়া ফুটবল একাদশ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মো. ইমন।

মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম জাহিদুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং সাইফুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, বিএনপি নেতা মাঈন উদ্দিন কোম্পানী, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন, সিরাজুল হক সুজা, মফিজ উদ্দিন, আনোয়ারুল হক, মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া কনক, রবিউল হোসেন, রেজাউল করিম চৌধুরী, কাটাছরা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম মেম্বার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রদল ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু, সদস্যসচিব নাঈম সরকার, মিরসরাই সদর ইউনিয়ন যুবদল নেতা তারেকুল ইসলাম ও মহি উদ্দিন।

এ ছাড়া ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক মো. এমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. হারেছ, সদস্যসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন খেলাধুলার উন্নতি হয়। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আজকের তরুণ সমাজ মাদক ও মোবাইলে আসক্ত হয়ে খেলাধুলা থেকে অনেক দূরে সরে গেছে। ফলে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।’

তিনি বলেন, ‘তরুণ সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করতে মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে।’