করোনা সার্টিফিকেট জালিয়াতির দায়ে গ্রানিত জাকার জরিমানা

ভুয়া কোভিড-১৯ টিকাদান সনদ সংগ্রহের অপরাধ স্বীকার করার পর সান্ডারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকাকে ১৫০,০০০ সুইস ফ্রাঙ্ক (প্রায় ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) স্থগিত জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী এই সুইস মিডফিল্ডার।

আদালতের সংক্ষিপ্ত রায় অনুযায়ী, প্রতিদিন ৩,০০০ ফ্রাঙ্ক হিসাবে মোট ৫০ দিনের এই অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। তবে দুই বছরের প্রবেশন বা শর্তাধীন মেয়াদে জাকা নতুন কোনো অপরাধ না করলে এই জরিমানা কার্যকর করা হবে না। জাকা ইতিমধ্যে আইনি ও আদালতের খরচ পরিশোধ করেছেন বলে জানিয়েছেন।

ইন্সটাগ্রামে জার্মান ভাষায় এক বার্তায় জাকা লেখেন:

"কয়েক সপ্তাহ আগে আমি নিজেই এখানে কথা বলেছিলাম এবং জানিয়েছিলাম যে আমার সিদ্ধান্তের দায় আমি নিজেই নেব। আমি এখনও আমার সেই কথায় অটল আছি। জাল সনদপত্র নেওয়ার দায়ে আমাকে ৫০ দিনের হারে মোট ১৫০,০০০ সুইস ফ্রাঙ্ক স্থগিত জরিমানা করা হয়েছে। এই সময়ের মধ্যে নতুন কোনো অপরাধ না করলে এটি কার্যকর হবে না। আমি রায় মেনে নিয়েছি এবং আমার কাজের দায়িত্ব নিচ্ছি।"

গত মাসে জাকা স্বীকার করেন যে কোভিড টিকাদান নিয়ে তীব্র সংশয় ও অবিশ্বাস থাকায় তিনি ভুয়া সনদপত্র জোগাড় করেছিলেন। সে সময় সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তায় ভুগেছেন জানিয়ে তিনি তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছেন বলে নিশ্চিত করেন।

জাকার এই অপরাধ স্বীকারের পর সুইস ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পিটার ক্নেবেল তাকে সুইজারল্যান্ড জাতীয় দল থেকে সাময়িকভাবে বাদ দেন। ফলে সম্প্রতি অনুষ্ঠিত নেশনস লিগের চারটি ম্যাচে—উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে দুটি এবং স্কটল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে একটি করে—খেলতে পারেননি তিনি।