অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুর চার বছর পর এক বিস্ফোরক দাবি করেছেন তার ছেলে জ্যাকসন ওয়ার্ন। এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, তার বাবার অকাল মৃত্যুর পেছনে করোনা ভ্যাকসিনের বড় ভূমিকা ছিল।
' টুওয়ার্ল্ডস কোলাইড' নামক একটি পডকাস্টে ২৬ বছর বয়সী জ্যাকসন ওয়ার্ন বলেন, "আমি নিশ্চিতভাবে মনে করি এর (ভ্যাকসিন) প্রভাব ছিল। আমার মনে হয় এটা এখন আর বিতর্কিত কোনো কথা নয়। বর্তমানের তথ্য-উপাত্তগুলো দেখলেই তা বোঝা যায়। বাবার হয়তো ভেতরে ছোটখাটো শারীরিক সমস্যা ছিল, কিন্তু ভ্যাকসিন সেটাকে সরাসরি সামনে নিয়ে এসেছে।"
জ্যাকসন আরও জানান, ২০২২ সালে থাইল্যান্ডে বাবার মৃত্যুর খবর পাওয়ার পর ফোনের ওপাশ থেকে হ্যালো বলার সাথে সাথেই তিনি এর জন্য সরকার ও ভ্যাকসিনকে মনে মনে দায়ী করেছিলেন।
২০২২ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেন ওয়ার্নের রাষ্ট্রীয় স্মরণসভায় লাখো মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন জ্যাকসন। তবে তিনি জানান, সেই সময় তিনি অনেক কিছুই বলতে চেয়েও বলতে পারেননি।
"রাষ্ট্রীয় স্মরণসভাটি ভিক্টোরিয়া সরকার দ্বারা পরিচালিত হচ্ছিল। সেখানে আমি প্রায় বলেই ফেলেছিলাম যে আমি সরকার এবং করোনা ভ্যাকসিনকে দায়ী করি। কিন্তু শেষ পর্যন্ত বলিনি, সম্ভবত সেটা না বলাই বুদ্ধিমানের কাজ ছিল। বললে হয়তো আজ আমি অন্য অবস্থায় থাকতাম।"
জ্যাকসন দাবি করেন, শেন ওয়ার্ন নিজে ভ্যাকসিন নিতে চাননি। কিন্তু ফক্স স্পোর্টস এবং স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে কাজ করার জন্য তাকে তিন বা চারটি ডোজ নিতে বাধ্য করা হয়েছিল। তিনি যুক্তি দিয়ে বলেন, "হ্যাঁ, বাবা ধূমপান ও মদ্যপান করতেন। কিন্তু ৮০-৯০ বছর বয়সী আরও কত মানুষ আছেন যারা বাবার চেয়েও অনেক বেশি ধূমপান বা মদ্যপান করেও বেঁচে আছেন। বাবা তখন মানসিকভাবে সুখী এবং শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন।"
বাবার মৃত্যুর পর জ্যাকসন 'শেন ওয়ার্ন লিগ্যাসি'র মাধ্যমে মানুষের হার্টের স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, "আমরা চাই না আমাদের মতো আর কেউ এমন একটা ফোন কল (বাবার মৃত্যুর খবর) পাক। এখন আমাদের হাতে যা আছে তা হলো নিজেদের স্বাস্থ্যের সর্বোচ্চ যত্ন নেওয়া।"
উল্লেখ্য, ২০২২ সালে ৫২ বছর বয়সে থাইল্যান্ডে ছুটিতে থাকাকালীন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার শেন ওয়ার্নের। ময়নাতদন্তে তখন সেটিকে স্বাভাবিক মৃত্যু বলা হলেও জ্যাকসন ওয়ার্নের এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
