টাঙ্গাইলে বিয়ের রাতে বরের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতে বাসর ঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

জানা গেছে, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল। তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে আয়নাল হকের এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান। এরপর থেকে দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি। এমন পরিস্থিতিতে পরিবারের চাপ ও প্রতিবেশী লোকজনের অনুরোধে আয়নাল হক বুধবার রাতে পাশের খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে নতুন স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন তিনি। কিন্তু গভীর রাতে বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই আয়নাল হক হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

গোপালপুর থানার ওসি রুহুল আমিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বা লিখিতভাবে কিছু জানাননি।