স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানালেন

চক্ষু স্বাস্থ্যের উন্নয়নে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে

দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে সরকার ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। গতকাল বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ কনফারেন্স রুমে আইএনজিও ফোরাম ও এনআইওঅ্যান্ডএইচের যৌথ উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির।

এমএ মুহিত বলেন, দেশের প্রতিটি জেলা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে আগামী পাঁচ বছরে এই অর্থ বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং এক কোটি চশমা বিতরণের উদ্যোগ নেওয়া হবে। এর পাশাপাশি প্রায় দুই কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনা হবে।

রাজধানীর পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব হার্ট দিবস ও পপুলার ক্যাথ ল্যাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হৃদরোগে মৃত্যুর হার কমাতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলা কেন্দ্র করে প্রাথমিকভাবে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ও অ্যাম্বুলেন্স পুল গঠনের আহ্বান জানান।