অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৯ কোটি টাকা আত্মসাৎ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানকালে অভিযুক্ত ৫ কর্মকর্তাকে মামলা করার আগেই গ্রেপ্তার করেছে দুদক।

দুদক জানায়, এরই মধ্যে ৯১ জন ক্ষতিগ্রস্ত গ্রাহকের বক্তব্য নিয়ে প্রায় ৮ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮২৬ টাকা আত্মসাতের তথ্য পেয়েছে অনুসন্ধানকারী দল। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত গ্রাহকের সংখ্যা ২০০-এর বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। অনুসন্ধান চলমান রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুদকের জনসংযোগ শাখার প্রধান আকতারুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার ক্যাশ অফিসার মো. শরীফুজ্জামানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানে বেরিয়ে আসে, সংশ্লিষ্ট ব্যক্তি ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে অতিরিক্ত সুদের প্রলোভন দেখিয়ে, ভুয়া এফডিআর, চেক জালিয়াতি, ভুয়া ডিপোজিট সিøপ এবং হিসাবের তথ্য পরিবর্তনের মতো নানা কৌশলে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আত্মসাৎ করেছেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত অনুসন্ধানে নামে দুদকের দল।

দুদক থেকে বলা হয়েছে, গত ৪ অক্টোবর গ্রেপ্তার করা অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিকে আইন অনুযায়ী দুদকের অনুসন্ধানমূলক কার্যক্রমের অংশ হিসেবে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন  অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার সাময়িক বরখাস্ত ক্যাশ অফিসার জিন্নাহ হোসেন, সাময়িক বরখাস্ত সাবেক ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সাময়িক বরখাস্ত প্রিন্সিপাল অফিসার ও সাবেক ম্যানেজার শরীফ উদ্দীন এবং ব্যাংকের নিরাপত্তাকর্মী রঞ্জু আহমেদ ও আব্দুল হাই।

দুদকের কর্মকর্তারা জানান, দুর্নীতির অভিযোগে প্রাথমিক সত্যতা অনুসন্ধানের সময়ই আইনগত ক্ষমতা প্রয়োগ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি বাস্তব উদাহরণ তৈরি হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২০ ধারায় কমিশনের অধীন তফসিলভুক্ত অপরাধের অনুসন্ধান ও তদন্তের ক্ষমতা কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে এ ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা দেওয়া হয়েছে।