ধানক্ষেতে স্কুলছাত্রীর লাশ

কুমিল্লার লালমাই উপজেলায় ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক স্কুলপড়–য়া ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জান্নাতুল চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মরদেহের পাশ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। অটোরিকশাটির নম্বর কুমিল্লা-থ-১৩-০১১৪।

জানা গেছে, সকালে কাঁচিকাটা-হরিশ্চর বাজার পাকা সড়কের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে সড়ক থেকে প্রায় ৫০ গজ দূরে ফসলের ক্ষেতে গিয়ে আইলের পাশে এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

এ বিষয়ে লালমাই থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বয়স আনুমানিক ১৫ বছর। তার গলায় গামছা পেঁচানো ছিল। ওসি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।

অপরদিকে, নেত্রকোনার মদন পৌরসভার বৈশ্যপাড়া এলাকায় বিকাশ বৈশ্যর পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। মদন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মিজানুর রহমান মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।

নিহতের বাবা রোকন মিয়া জানান, আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। পানিতে পড়ে সে মারা গেছে। এ বিষয়ে আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

মদন থানার ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।