রূপগঞ্জে রোলিং মিলে বিস্ফোরণ নিহত ১, দগ্ধ ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলস নামে একটি রোলিং মিলে ভাটি বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন আবির, সজীব, নাজমুল ও রুবেল (২৫)। তাদের মধ্যে আবিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে সজীব নামে এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিল রোলিং মিল থেকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মিলের চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই রোলিং মিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।