বায়ুদূষণে মালয়েশিয়ার রাজধানীসহ বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ

প্রতিবেশী ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ায় বায়ুদূষণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোয় শুক্রবার (৯ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার বিভিন্ন এলাকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে দেশটির বায়ুর মান আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর পর্যায়ে নেমে এসেছে। খবর বিবিসির। 

ইন্দোনেশিয়ার বনাঞ্চল ও পিটভূমিতে জ্বলা আগুনের বিষাক্ত ধোঁয়ায় এক মাসেরও বেশি সময় ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন শহর আচ্ছন্ন হয়ে রয়েছে। এর ফলে শ্বাসকষ্টসহ বিভিন্ন শ্বাসতন্ত্রের সমস্যায় আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহজুড়েই কুয়ালালামপুরের বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অধিকাংশ দিনই বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় স্থান পেয়েছে মালয়েশিয়ার রাজধানী।

দেশটির শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বৃহস্পতিবার রাতে জানান, চারটি রাজ্য ও দুটি ফেডারেল অঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া মধ্যাঞ্চলীয় পাহাং রাজ্যের একটি অংশেও স্কুল বন্ধ করা হয়েছে।

তিনি বলেন, 'ভবিষ্যতে স্কুল বন্ধের যেকোনো সিদ্ধান্ত আগেভাগে জানানো হবে, যাতে অভিভাবকেরা প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পান।' 

বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিমও। তিনি বলেন, বায়ুদূষণ সূচক (এপিআই) ১৫০ বা তার বেশি হলে স্কুল বন্ধ রাখা উচিত।

মালয়েশিয়ার নির্দেশিকা অনুযায়ী, এপিআই ১০০-এর বেশি হলে বায়ুর মান অস্বাস্থ্যকর, ২০০-এর বেশি হলে অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। সূচক ৫০০ ছাড়ালে স্থানীয় জরুরি অবস্থা ঘোষণার সীমা অতিক্রম করে।

শুক্রবার কুয়ালালামপুরে এপিআইয়ের মান ছিল প্রায় ১৭০। আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে প্রতিবেশী সিঙ্গাপুরের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর ছিল কুয়ালালামপুর।

ধোঁয়াশার প্রভাব পড়েছে প্রতিবেশী সিঙ্গাপুরেও। আইকিউএয়ারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সেখানে বায়ুমান সূচক (একিউআই) ২০৫-এ নেমে এসেছে, যা 'অত্যন্ত অস্বাস্থ্যকর' পর্যায়ের মধ্যে পড়ে।

বায়ুমান সূচক বাতাসে বিভিন্ন দূষকের মাত্রাকে একটি সংখ্যায় প্রকাশ করে, যার মাধ্যমে বায়ুর গুণমান এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাওয়া যায়। সাধারণভাবে একিউআই ১৫০-এর বেশি হলে বায়ুর মান অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

ইন্দোনেশিয়ার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়াশা অব্যাহত থাকায় মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।