মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

মাগুরা পৌর এলাকার কলেজ পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা, নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা ও চার বোতল ফেনসিডিলসহ মো. রাশেদ শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ এসআরবি-৬। ‘স্বপ্ন বিলাস’ নামে একটি ভবনের চারতলার একটি কক্ষ থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে তাকে  গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার রাশেদ শেখ (৪৫) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া গ্রামের মো.মোস্তফা শেখের ছেলে।

​এসআরবির ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ার ওই বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে ২৮ হাজার পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলের পাশাপাশি মাদক বিক্রির নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, একটি করে টাকা গণনার মেশিন, প্রেস বুম মাইক্রোফোন চারটি ল্যাপটপ ও খেলনা পিস্তল সদৃশ গ্যাস লাইটার জব্দ করা হয়।

​তবে অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন কৌশলে পালিয়ে যান। পালিয়ে যাওয়া দ্বীপ্ত কুমার ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি গ্রামের মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ও গ্রেপ্তার হওয়া রাশেদ শেখ যৌথভাবে বাসাটি ভাড়া নিয়ে মাদকের কারবার চালাতেন।

এধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।