গজারিয়ায় ফুটবল খেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে এবং তা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ামোদী যুবসমাজ।  

​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের জনগণ ও খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারীরা অবিলম্বে বন্ধ হওয়া টুর্নামেন্টটি চালু করার লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

জানা যায়, গত ১১ সেপ্টেম্বর গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে  গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৬(সিজন-১)এর আনুষ্ঠানিক উদ্ধোধন হয়। খেলায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ১৬টি দল অংশ গ্রহণ করে।এই টুর্নামেন্ট ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় ও সফল ভাবে প্রথম রাউন্ডের খেলা শেষ  হয়।

তবে কোয়ার্টার ফাইনাল এর শেষ ম্যাচের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকায় প্রশাসনের পক্ষ থেকে খেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।এই ঘটনায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

মানব বন্ধনে অংশ গ্রহণকারী বালুরচর স্পোর্টিং ক্লাবের ইব্রাহিম বলেন, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন ক্রীড়াপ্রেমী,তরুন ও যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করছেন সেখানে খেলা বন্ধ রাখা কোন ভাবেই আমরা মেনে নিতে পারি না।

মেহেদী নামে আরেক খেলোয়াড় বলেন, এই ঘটনায় স্থানীয় খেলোয়াড়দের মন ভেঙ্গে গেছে,খেলায় ২৭৪জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছিল,যা এই প্রত্যন্ত অঞ্চলের ইতিহাস,আমরা দ্রুত স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি তারা যেন আমাদের এই টুর্নামেন্ট চালু করতে ব্যবস্থা গ্রহণ করেন।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, আপনারা জানেন আমি নিজে একজন ক্রীড়াপ্রেমী মানুষ, সেখানে খেলা বন্ধ করার প্রশ্ন আসে না, শুনেছি স্থানীয়রাই খেলা বন্ধ করেছে, সেখানে দুই গ্রুপের দ্বন্দ্বের  কারণে সামাজিক অস্থিতিশীলতা দেখা দেওয়ায় আমরা উভয় গ্রুপের সাথে আলোচনার জন্য সাময়িকভাবে খেলাটা স্থগিত রাখতে বলেছি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে পুনরায় খেলা শুরু হবে।