লালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

নাটোরের লালপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজন, মোবাইল ফোনে প্রতারণা ও হ্যাকিং-সংক্রান্ত মামলার দুজন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার একজন এবং দণ্ডবিধির মামলার তিনজন রয়েছেন। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশিষ লাল ভৌমিক, কামরুল সরদার (৩৫), সুজন ইসলাম (৩০), জুয়েল রানা (৪৪), আকাশ হোসেন (২২), লিখন আহম্মেদ (১৬), নয়ন (৩৬), শাহ আলম (৪৫), মোস্তফা কামাল (৩৫), আজাহার আলী (৫০), পলাশ ইসলাম (২৫), সম্রাট আলী (২৪) ও শাকিল হোসেন (৩৮)। তাঁরা লালপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লালপুর থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজির নির্দেশনায় রাজশাহী, পাবনা, নাটোর, মেহেরপুর ও কুষ্টিয়ার চরাঞ্চলে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে লালপুরে শতাধিক পুলিশ সদস্যের অংশগ্রহণে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন নাটোরের সহকারী পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় এবং লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।