ঢামেক হাসপাতালে মরদেহ ফেলে পালাল দুই যুবক!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তির মরদেহ ফেলে পালিয়েছে সাথে আসা দুই যুবক। ওই অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী ও পুলিশ জানায়,  বেলা আড়াইটার দিকে দুই ব্যক্তি ব্যটারিচালিত রিকশা যোগে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর তাকে ট্রলিতে তোলার পর রোগীর জন্য হাসপাতালের টিকিট কাটার কথা বলে কৌশলে পালিয়ে যায়।

হাসপাতালের ট্রলিম্যান অনেকক্ষণ অপেক্ষার পরও ওই ব্যক্তিদের খোঁজ না পাওয়ায় মেডিকেল অফিসার ও কর্তব্যরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা দুই যুবকের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তবে ওই ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন নাই। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পকেটে একটি মানিব্যাগ পাওয়া গেছে। মানিব্যাগে ৩০টাকা ও একটি ছবি রয়েছে।