রাজবাড়ীর পাংশায় একটি আমবাগান থেকে ৪২টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় এসআরবির সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে এসআরবি ফরিদপুর-১০ এর একটি দল পাংশার পৌরশহরের বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিষ্ণপুর এলাকার একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
তপন সরকার জানান, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুদ, ব্যবহার রোধে এসআরবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। রাষ্ট্রবিরোধী যে কোন কর্মকাণ্ডকে কঠোরভাবে দমন করা হবে।