ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন— কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানটির চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এছাড়াও দুর্ঘটনায় আহত হন মাদক মামলায় রিমান্ডের আসামি মহন মিয়া (৪৫) ও পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাদের দুজনের বাড়ি বিজয়নগর উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুজন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাচ্ছিল। পথিমধ্যে মনিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহতরা চিকিৎসাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।