বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মরণসভা

জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহীদ টিটু মিলনায়তনে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন খনিজ, জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী এমপি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ বলেন, আইয়ুব খানের পতনের পর থেকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বিভিন্ন পর্যায়ে এগিয়েছে। ১৯৯০ সালে এরশাদের পতন এবং ২০২৪ সালে শেখ হাসিনার পতন সেই সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায়। কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তিনি মব সন্ত্রাস ও রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও অর্থনৈতিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় সবাইকে সচেতন থেকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রার সুফল পেতে জাতীয় শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রধান বক্তা ইশরাক হোসেন বলেন, জুলাই-২৪-এর গণ-অভ্যুত্থান দীর্ঘ দেড় দশকের আন্দোলন-সংগ্রামের পরিণতি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। জুলাই যোদ্ধাদের তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন মহান মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রেরণা পেয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা বা মুছে ফেলার চেষ্টা এবং জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে অপপ্রচার প্রতিহত করা হবে। এ ছাড়া আন্দোলনে আহত ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
 বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, জুলাই আহত ও শহীদ পরিবারের সদস্যদের চাকরীর ব্যবস্থা করছে সরকার। শহীদ পরিবার ও আহতদের খোজ খবর রাখতে সরকারের প্রতিটি এমপি মন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ধৈর্য হারা হওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যান গোলাম রহমান, কেন্দ্রীয় আমরা জুলাই যোদ্ধার সভাপতি আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক রবিউল আওয়াল তুহিন।

অনুষ্ঠানের জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক শামসুল হক ফকিরের সার্বিক তত্ত্বাবধানে জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং শহীদ পরিবারের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বগুড়ার জামিল মাদ্রাসার সহযোগী প্রিন্সিপাল মুফতি আতাউল্লাহ নিজামী।