বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রমিজউদ্দিন আহমেদ এবং মহাসচিব হয়েছেন মো. মাজম আলী খান।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার ট্যাক্সেস বার হলরুমে সংগঠনটির ৩৯তম সাধারণ সভায় তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়। নতুন কমিটিতে ১১ জন ভাইস প্রেসিডেন্ট, ১১ জন ডেপুটি সেক্রেটারি জেনারেলসহ বিভিন্ন পদে মোট ৩১ জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

কমিটির ভাইস প্রেসিডেন্টরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) থেকে আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার এবং ট্রেজারার হয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।

ডেপুটি সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, কমার্শিয়াল ক্যাপিটাল সিটি (চট্টগ্রাম) থেকে মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

অন্যান্য পদের মধ্যে অর্গানাইজিং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. সোলায়মান, লিগ্যাল এইড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান, কালচারাল সেক্রেটারি এম এ হালিম মন্টু, ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মো. নূর নবী পাটোয়ারী এবং অফিস সেক্রেটারি মো. জামালউদ্দিন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন ট্যাক্সেস বার থেকে প্রতিনিধিত্ব রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাট ট্যাক্সেস বারের প্রতিনিধিরাও কমিটির বিভিন্ন পদে স্থান পেয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ৪২ হাজারের বেশি ট্যাক্স আইনজীবী রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ তাঁকে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত করায় দেশের সব ট্যাক্স আইনজীবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পেশাগত জীবনের শেষ পর্যায়ে এসে সহকর্মীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চান।

রমিজউদ্দিন আহমেদ বলেন, দেশের ট্যাক্স আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ট্যাক্স আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে যৌথভাবে প্রশিক্ষণ ও সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি করদাতাদের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে চায় বিটিএলএ।

সংগঠনের কার্যালয়ের পরিসর বাড়ানোর বিষয়ে সভাপতি বলেন, তাঁর প্রচেষ্টায় এনবিআর চেয়ারম্যানের মাধ্যমে বিটিএলএর কার্যালয়ের জন্য আরও একটি কক্ষ বরাদ্দ পাওয়া গেছে। নতুন কমিটি ট্যাক্স আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ, পেশার মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এ জন্য তিনি সংগঠনের সব সদস্যের সহযোগিতা কামনা করেন।