বিচারপ্রাপ্যতা নিশ্চিত ও আইনি সেবা সম্প্রসারণসংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে অধস্তন আদালতের ১৭ জন বিচারক ও ছয়জন আইনজীবী জাপান সফরে যাচ্ছেন। আগামী ১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে অর্থায়ন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (পরিকল্পনা শাখা) পক্ষ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া বিচারকদের মধ্যে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা এবং হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক।
এ ছাড়া রয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান, বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রাকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।
প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম। কুমিল্লা বার অ্যাসোসিয়েশন থেকে রয়েছেন আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।