আন্তর্জাতিক গবেষণা মূল্যায়নে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০ জন শিক্ষক ও গবেষক। একই সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে ২০২৬ সালের এ তালিকা প্রকাশ করে।
তালিকায় স্থান পাওয়া জাবির গবেষকেরা হলেন অধ্যাপক এ এ মামুন (২৪১), মো. সাইফুল ইসলাম (৫৩১), মো. শরাফাত চৌধুরী (৫৯৯), এস এম দিদার উল ইসলাম (৬৬৫), মো. আল-আমিন খান (৭২৭), অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান (৮৯২), শারমিন সুলতানা (১৮৯০), এম শামীম কায়সার (৫৩২৪), মোহাম্মদ শরীফ উদ্দিন (৮৫১০) এবং আবু বকর সিদ্দিক (৮৭৫৫)।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক পরিসরে গবেষকদের গবেষণার প্রভাব ও অবদান মূল্যায়নে এ তালিকা ব্যবহার করা হয়।
এ বিষয়ে জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম বলেন, বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন শিক্ষক ও গবেষকের স্থান পাওয়া তাঁদের গবেষণাকর্ম ও মেধার আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি আরও বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণার পরিবেশকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের গবেষকদের গবেষণায় অনুপ্রাণিত করবে। তালিকায় স্থান পাওয়া গবেষকদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাঁরা ভবিষ্যতেও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও দেশের সুনাম বৃদ্ধি করবেন।