সোনালি দিনের কথা বললেন কনকচাঁপা

একই দিনে পাঁচটি ভিন্ন স্টুডিওতে পাঁচটি করে গান রেকর্ড করার এক বিরল স্মৃতি ভাগ করে নিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। ক্যারিয়ারের ব্যস্ততম দিনগুলোর কথা মনে করে তিনি জানান, সংগীতজীবনে অন্তত পাঁচ থেকে সাতবার এমন অবিশ্বাস্য ব্যস্ততার মুখোমুখি হতে হয়েছে তাকে।

আজ শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ সম্প্রচারিত হতে যাওয়া বিশেষ পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব তথ্য জানান তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় পর্বটিতে তিনি শোনান ক্যারিয়ারের বহু অজানা ঘটনা।

পডকাস্টের আলাপে উঠে আসে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতাও। রুপালি পর্দার এই আইকন তার ক্যারিয়ারে মাত্র দুটি চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছিলেন, যার দুটিতেই সহশিল্পী ছিলেন কনকচাঁপা। সুরকার ও সংগীত পরিচালক প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিচালনায় সেই রেকর্ডিংয়ের স্মৃতিচারণ করে কনকচাঁপা বলেন, পেশাদার সংগীতশিল্পীদের মতো নিখুঁতভাবে স্টুডিওতে এসে গেয়েছিলেন সালমান শাহ, একটুও বেগ পেতে হয়নি কাউকে।

এ ছাড়া চলচ্চিত্রে তার সর্বাধিক গানের সহশিল্পী প্রয়াত এন্ড্রু কিশোরের প্রতি গভীর শ্রদ্ধা জানান কনকচাঁপা। এই কালজয়ী শিল্পীর স্মৃতি ধরে রাখতে রাজশাহীর যেকোনো একটি স্টেডিয়ামের নাম ‘এন্ড্রু কিশোর’-এর নামে করার জন্য রাজশাহীবাসী ও কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান তিনি।

জেড আই ফয়সাল প্রযোজিত এই পডকাস্টটিতে সংগীতজীবনের নানা চড়াই-উতরাই ও আড়ালের গল্প উন্মোচন করেছেন সাড়ে তিন হাজারের বেশি চলচ্চিত্রের গান এবং ৪০টিরও বেশি একক অ্যালবামের এই শিল্পী।