আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নের দেবীপক্ষ এবং অফিশিয়াল ক্ষণগণনা আজ শনিবার থেকেই শুরু হলো। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ ধরণীতে দেবী দুর্গার আবাহন বা আগমন ঘটছে। হিন্দু পঞ্জিকা ও সনাতন বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার মর্ত্যে আগমন হচ্ছে ঘোড়ায় চড়ে।
মহালয়ার এই পুণ্য তিথিতে শনিবার ভোর থেকেই রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন মন্দির ও গঙ্গার ঘাটে ঘাটে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল-তিল উৎসর্গ করে তর্পণ করা হচ্ছে। ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে দেবীকে মর্ত্যে আহ্বান জানানো হয়েছে।
আজ মহালয়া হলেও দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) ষষ্ঠী পূজার মাধ্যমে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব শেষ হবে।
পুরাণে বলা হয়েছে, মহালয়ার দিনেই দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান এবং মর্ত্যে তার আগমন ঘটে। শাস্ত্রমতে, এবার দেবী দুর্গার আগমন ঘটবে ঘোটকে (ঘোড়ায়) এবং গমন হবে নৌকায়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
দুর্গোৎসব উপলক্ষে এবার সরকারের পক্ষ থেকে মণ্ডপগুলোতে ৫ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশে পূজার ছুটি বাড়িয়ে তিন দিন করা হয়েছে। ফলে সাপ্তাহিক ছুটিসহ ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এই আনন্দ উৎসব। আবহমান বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি ও মিলনমেলার বার্তা নিয়ে এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।