মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, কোস্ট গার্ডের গুলি

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানের সময় জেলেদের হামলায় মৎস্য বিভাগের স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্ট গার্ড ১০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মেঘনা নদীর অন্তপাম এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনার পর মাছ, জাল ও ইঞ্জিনচালিত দুই নৌকাসহ দুই জেলেকেও আটক করার কথা বলেছেন হিজলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

আটকরা হলেন- সালাহউদ্দিন চকিদার এবং মো. শাহ আলম। হামলায় মৎস্য অধিদপ্তরের স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোস্তাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের একটি দল মেঘনা নদীতে টহল দিচ্ছিল। সে সময় কয়েকটি নৌকায় থাকা একদল জেলে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে কোস্ট গার্ড সদস্যদের ওপর আচমকা হামলা চালায়। পরবর্তীতে খবর পেয়ে মৎস্য বিভাগ ও নৌ পুলিশ সদস্যরা স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গেলে জেলেরা তাদের লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করে।

তিনি বলেন, ঘটনার সময় ধাওয়া করে একটি নৌকাসহ দুই জেলেকে আটক করা হয়। এ ছাড়া নদীতে ফেলা দুই লাখ মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি মাছ জব্দ করা হয়। উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হবে। সেইসঙ্গে আটক দুই জেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।

মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা; যা চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।