ইলিশ সংরক্ষণের পাশাপাশি জেলেদের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ সুরক্ষাকে সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার পাশাপাশি অসংখ্য মানুষের জীবিকার সঙ্গেও মাছটি জড়িত।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘রিজিওনাল ওয়ার্কশপ: সাসটেইনিং হিলসা ফিশারিজ ইন দ্য বে অব বেঙ্গল রিজিয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। এ খাতের সঙ্গে মৎস্যজীবী পরিবার, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও প্রক্রিয়াজাতকারীদের মতো অসংখ্য মানুষ জড়িত। ইলিশের অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইলিশ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, সমন্বিত এবং পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর উপযোগী। এ জন্য ইলিশের মজুত, প্রজনন ও বিচরণক্ষেত্র, পরিবেশের অবস্থা, পানির প্রবাহ এবং জলবায়ুর প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানীদের গবেষণালব্ধ মতামতের সঙ্গে বংশপরম্পরায় নদী ও সমুদ্রনির্ভর মৎস্যজীবীদের অভিজ্ঞতার কিছু পার্থক্য দেখা যায়। গবেষণালব্ধ জ্ঞান ও জেলেদের বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পারলে ইলিশ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
জেলেদের জীবিকার বিষয়ে তিনি বলেন, ইলিশের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া জরুরি। তবে এ সময়ে অনেক মৎস্যজীবী পরিবারের আয় বন্ধ হয়ে যায়। তাই নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য যথাসময়ে সামাজিক নিরাপত্তা সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিচ্ছে।
মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, অধিকাংশ ক্ষেত্রে জেলেরা সরাসরি ক্রেতার কাছে মাছ বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। অন্যদিকে ক্রেতাদেরও বেশি দামে মাছ কিনতে হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, বে অব বেঙ্গল প্রোগ্রাম-ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশনের পরিচালক ড. পি. কৃষ্ণান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, ওয়ার্ল্ডফিশের সাবেক জাতীয় কর্মসূচি উপদেষ্টা ড. খিন মং সো এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এ টি এম ফারুক-উল-ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।