জাতীয় স্বীকৃতিতে সাহিদা সুমনাকে সংবর্ধনা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় ভোলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ সাহিদা আক্তার সুমনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ভোলা সদর শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এজাজ আহম্মেদ, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলার সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী শিক্ষক মো. আনোয়ার পারভেজ এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সাহিদা আক্তার সুমনার স্বীকৃতি ভোলার শিক্ষাঙ্গনের জন্য গর্বের। তাঁর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জেলার শিক্ষকসমাজের জন্যও অনুপ্রেরণার। তাঁর কর্মনিষ্ঠা, পেশাগত দক্ষতা ও শিক্ষাক্ষেত্রে অবদান অন্য শিক্ষকদেরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উৎসাহিত করবে।

উল্লেখ্য, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত গুণী শিক্ষক নির্বাচন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হন সাহিদা আক্তার সুমনা। এর আগে তিনি জেলা ও বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। ২০২৫ সালে জেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার পাশাপাশি ২০১৭ সালে ভোলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে সরকারি ব্যবস্থাপনায় চীন সফরের সুযোগ পান তিনি।

তাঁর নেতৃত্বে নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়। শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।