ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ আলী আকবর (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার চর পক্ষিয়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ অভিযান চালায় কোস্ট গার্ড বেইস ভোলা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, অভিযানের সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারি আলী আকবরকে আটক করা হয়।
আটক আলী আকবর ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পরে জব্দ করা গাঁজা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।