ধর্ষণ মামলার অভিযোগে চুক্তি বাতিল বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের

আদালতের কাঠগড়ায় বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার রবিন দাস, আর অন্যদিকে তার সঙ্গে চুক্তি ছিন্ন করার ঘোষণা দিল ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স। এক নারীকে দুই দফায় ধর্ষণের গুরুতর অভিযোগে আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসকে। 

বিপিএলে ঢাকা ডমিনেটরসের হয়ে মাঠে নামা এই তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর চেলমসফোর্ডভিত্তিক দল এসেক্স নিশ্চিত করেছে যে, রবিনের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ আর অবশিষ্ট নেই।

যুক্তরাজ্যের ইনার লন্ডন ক্রাউন কোর্টে হাজির হওয়া রবিনের বিরুদ্ধে ২০২৪ সালের মার্চে ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের পুলিশি অভিযোগ রয়েছে। এই ক্রিকেটারের বিচারকাজ ২০২৮ সালের জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে তিনি শর্তসাপেক্ষে জামিনে মুক্ত থাকলেও আইনি প্রক্রিয়ার কারণে ক্লাবের কর্মকাণ্ডে অনুপস্থিত থাকায় আগেই এসেক্সের সঙ্গে তার চুক্তি বাতিল হয়ে যায়।

আদালতের বিচারিক কার্যক্রম শুরুর পরপরই ক্রিকইনফো ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বরাতে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব তাদের অফিসিয়াল বিবৃতিতে সরাসরি জানায়, ‘রবিন দাসকে নিয়ে আদালতের আইনি কার্যক্রম সম্পর্কে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ওয়াকিবহাল রয়েছে। ক্লাবের তরফ থেকে এই বিষয়ের গভীরতা ও গুরুত্ব অনুধাবন করা হচ্ছে, তবে বিচারাধীন পরিস্থিতির কারণে এই মুহূর্তে আর কোনো মন্তব্য করা থেকে বিরত থাকছে ক্লাব।’ 

আইনি জটিলতার কারণে মাঠের বাইরে থাকায় চুক্তি শেষ করার প্রেক্ষাপট ব্যাখ্যা করে এসেক্সের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘সাময়িক বরখাস্ত এবং খেলার বাধ্যবাধকতা পূরণে তার অনুপস্থিতির কারণেই ২০২৬ মৌসুম শেষ হওয়ার আগে এসেক্সের সঙ্গে দাসের খেলার চুক্তি শেষ হয়ে যায়। তবে এই সিদ্ধান্তের সঙ্গে চলমান আইনি প্রক্রিয়ার সরাসরি কোনো যোগসূত্র ছিল না।’ 

২০২০ সালে মাত্র ১৮ বছর বয়সে কাউন্টিতে এসেক্সের হয়ে খেলা শুরু করেছিলেন রবিন । ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৬০টি ম্যাচ খেলেছেন তিনি।