ক্যানসারের সঙ্গে লড়াই

জীবন-মৃত্যুর মাঝামাঝিতে ইবরার টিপু

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইবরার টিপু দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়েছে এই সংগীত পরিচালকের। তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গীতিকার কবির বকুল। জানিয়েছেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন তিনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইবরার টিপুর অসুস্থতার খবর জানিয়ে কবির বকুল লেখেন, আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত প্রায় দুই বছর ধরে কিডনি ক্যান্সারের সঙ্গে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেইন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন। 

ইবরার টিপুর স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার বরাত দিয়ে কবির বকুল জানান, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই তাকে বাসায় ফিরিয়ে আনা হয়েছে। পরিবারের ধারণা, হাসপাতালে তার যথাযথ চিকিৎসা হচ্ছিল না। সম্প্রতি নিজের স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা বলার সুযোগও হয়েছে বলে জানান এই গীতিকার। 

এ প্রসঙ্গে কবির বকুল বলেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছে।’