নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের মোল্যা নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনায় নিহতের বন্ধু আজিজুর আহত হয়েছেন।
নিহত জোবায়ের মোল্যা (১৪) উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে ও চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। আহত তার বন্ধু আজিজুর একই গ্রামের আজমুলের ছেলে।
স্থানীয় ও স্বজনরা জানায়, শনিবার সকালে জোবায়ের মোল্যা তার বন্ধু পার্শ্ববর্তী হান্দলা গ্রামের রিজভীর মোটরসাইকেল চেয়ে নিয়ে ব্রাহ্মণডাঙ্গা বাজার থেকে নলদীর উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছু পথ গিয়ে ফিরে আসার পথে নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে জোবায়ের ও তার বন্ধু আজিজুর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আক্তার জানান, মৃত অবস্থায় জোবাযেরকে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।
এবিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।