লালমনিরহাট সদরে প্রাতঃভ্রমণে বেরিয়ে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোরে উপজেলার ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপহজেলার বালাপাড়া এলাকার আজিজারের স্ত্রী জহিলা বেগম (৫৫) ও একই এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শী ও লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, ফজরের নামাজ শেষ করে ওই দুই নারী তিস্তা-বড়বাড়ী মহাসড়কের পাশে প্রাতঃভ্রমণ করছিলেন। এ সময় রংপুর থেকে আসা বেপরোয়া গতির একটি সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনই নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটকে রেখে থানায় খবর পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ ট্রাকটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।