বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত সাংবাদিক তৌফিক ইমরোজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকাল ৫টায় তার দাফন সম্পন্ন হয়। এর আগে রাজধানীর বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার শেষযাত্রা অনুষ্ঠানে অংশ নেন বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে ডিজিটাল সংবাদমাধ্যমের পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুর আড়াইটায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে মরদেহ রাখা হলে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম। এ সময় তিনি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে শোকবইয়ে সই করেন।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেলা সাড়ে ১১টার দিকে তার কফিন গ্রহণ করেন ভাতিজা তারাফ তাজিজ খালিদী ও ভাগনি-জামাতা আকিফ আহমেদ। এ সময় তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। সেখানে দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত রাখা হয় কফিন। পরে মরদেহ নেওয়া হয় তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনেরা তাকে শেষবারের মতো দেখেন।

ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরে তাকে সেন্ট বার্থোলোমিউস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

গত ৮ অক্টোবর জোহরের নামাজের পর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

বাংলাদেশে অনলাইন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তৌফিক ইমরোজ খালিদী। তার নেতৃত্বেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নতুন ধারার সংবাদমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করে।

২০০৫ সালের প্রথমার্ধে বিডিনিউজ ইন্টারনেটের মাধ্যমে সংবাদ সরবরাহ শুরু করে। ২০০৬ সালে প্রতিষ্ঠানটির মালিকানা ও ব্যবস্থাপনায় পরিবর্তনের পর খালিদীর নেতৃত্বে এর কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়। ওই বছরের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ২৪ ঘণ্টার সংবাদ কার্যক্রম শুরু হয়। এর মধ্য দিয়ে দেশে অনলাইনভিত্তিক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ঘটে।

১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন তৌফিক ইমরোজ খালিদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে তিনি সানডে এক্সপ্রেস পত্রিকায় যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দেশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও কাজ করেছেন তিনি।

২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে দায়িত্ব পালন করেন খালিদী। এর আগে তিনি দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন।

তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কর্মজীবনে সংবাদমাধ্যমের বিকাশ এবং ডিজিটাল সাংবাদিকতার প্রসারে তার অবদান সহকর্মী ও শুভানুধ্যায়ীদের স্মৃতিতে থেকে যাবে।