শুভ মহালয়া উপলক্ষে বিএমজেপির সভাপতি ও মহাসচিবের শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে শুভ মহালয়া উপলক্ষে দেশের সনাতন ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

শনিবার (১০ অক্টোবর) এক যৌথ বাণীতে বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মন্ডল এবং মহাসচিব দিলীপ কুমার দাস বলেন, 'মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা এবং অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য ও সুন্দরের বিজয় বার্তা। মহিষাসুরমর্দিনী দেবী দুর্গার আগমনে মর্ত্যলোক থেকে সমস্ত গ্লানি, অন্ধকার ও অশুভ শক্তির অবসান ঘটে শান্তি, সৌহার্দ্য ও সাম্য প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা।'

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। শত শত বছর ধরে এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্ব। বিএমজেপি সবসময় সকল সংখ্যালঘু ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার রয়েছে এবং আগামীতেও থাকবে।

বাণীর শেষাংশে বিএমজেপির শীর্ষ নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ, আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি তারা সকলের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।