বাংলা একাডেমিতে দোলন ক্রিয়েটিভ ভিশন এর চিত্রাঙ্কন কর্মশালা

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

শিশু-কিশোরদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে শিশুতোষ পত্রিকা দোলনের আয়োজনে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’-এর চিত্রাঙ্কন কর্মশালা।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালায় শিক্ষার্থীরা ছবি আঁকা ও চিত্রকলার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পায়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন তানজিমা তাবাচ্ছুম এশা, চিত্রাঙ্কন ও সৃজন প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা। তিনি শিক্ষার্থীদের ছবি আঁকার বিভিন্ন কৌশল, রং ও রেখার ব্যবহার এবং সৃজনশীলভাবে নিজের ভাবনা প্রকাশের বিষয়ে দিকনির্দেশনা দেন। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি ও পর্যবেক্ষণক্ষমতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। এ ছাড়া উপস্থিত ছিলেন কর্মসূচির কোঅর্ডিনেটর সুরাইয়া সিদ্দিকী বৃষ্টি ও বোরহান ইউসুফ।

দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬-এর প্রথম দিন ৯ অক্টোবর অনুষ্ঠিত হয় মোবাইল ফটোগ্রাফিবিষয়ক কর্মশালা। এতে আলোকচিত্র শিল্পী ও মোশন গ্রাফিক্স ডিজাইনার অনুপ রায় শিক্ষার্থীদের মোবাইল ফটোগ্রাফির বিভিন্ন কৌশল শেখান। বাংলা একাডেমি প্রাঙ্গণে আউটডোর ফটোগ্রাফি সেশনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব পরিবেশে ছবি তোলার অনুশীলন করে।

আয়োজনের পরবর্তী ধাপে আগামী ৩১ অক্টোবর ঢাকার লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে আউটডোর ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন সেশন। সেখানে শিক্ষার্থীরা ঐতিহাসিক স্থাপনা ও প্রকৃতি পর্যবেক্ষণ করে মোবাইলে ছবি তুলবে। পরে নিজেদের তোলা ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে চিত্রকর্ম তৈরি করবে।

শিশু-কিশোরদের শিল্পচর্চায় আগ্রহী করে তোলা এবং হাতে-কলমে শেখার মাধ্যমে তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬-এর আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত