অংশীদারিত্বের গণতন্ত্রে রাষ্ট্র রূপান্তর করতে হবে: স্বপন

পুরোনো ক্ষমতাকাঠামোর বিলোপ ঘটিয়ে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, রাষ্ট্রকে কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একচ্ছত্র কর্তৃত্বের অধীন রাখা যাবে না। জনগণের সার্বভৌমত্ব, কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহির ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাষ্ট্রের মালিকানা ও ক্ষমতার উৎস যে জনগণ, তা রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করতে হবে। কেবল সরকার পরিবর্তন নয়, ক্ষমতার কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তনের মধ্য দিয়েই প্রকৃত রাষ্ট্র রূপান্তর সম্ভব।

সভায় সভাপতির বক্তব্যে দলের সহসভাপতি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনুষ্ঠানিক উদযাপনের উপলক্ষ নয়; এটি দলের ঐতিহাসিক ভূমিকা পর্যালোচনা, রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন এবং রাষ্ট্রের সর্বস্তরে জবাবদিহি নিশ্চিত করতে জেএসডির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

সভায় দলের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের কর্মসূচি প্রণয়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মী ও প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় আরও বক্তব্য দেন দলের সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, এস এম সামছুল আলম নিক্সন, আবদুল্লাহ আল মামুন, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, আবুল হোসেন মিয়া, কামরুল হুদা লাভলু, শফিকুল ইসলাম শফিক, ইলোরা খাতুন সোমা, শাহানা সুলতানা ও আরিফা আকতার বেবিসহ অন্য নেতারা।

সভায় অ্যাডভোকেট কে এম জাবিরকে আহ্বায়ক এবং কামাল উদ্দিন পাটোয়ারীকে সদস্যসচিব করে ৫১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়।