বুড়িগঙ্গার তীরে ৬৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পিএম

রাজধানীর বুড়িগঙ্গা নদী সংলগ্ন আলীর ঘাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।

শনিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করেছে কোস্ট গার্ড।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪ টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পলিথিন তৈরির কারখানা তল্লাশি করে ১ হাজার ৬৩২ কেজি নিষিদ্ধ পলিথিন এবং ২ হাজার ৭৬৮ কেজি পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৬ লাখ টাকা।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা আরও জানান, অভিযানের সময় কারখানার প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পলিথিন ও কাঁচামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত