অ্যাপলের টাচস্ক্রিন ম্যাকবুক আসছে বাজারে

প্রথমবারের মতো টাচস্ক্রিন ল্যাপটপ আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। একই সময়ে ওএলইডি ডিসপ্লেযুক্ত নতুন আইপ্যাড মিনি উন্মোচনেরও পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, চলতি বছরের অক্টোবরে নতুন এসব ডিভাইস বাজারে আনার ঘোষণা দিতে পারে কোম্পানিটি। ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গারম্যানের তথ্য অনুযায়ী, অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ল্যাপটপটি আগামী ২৭ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে উন্মোচিত হতে পারে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ডিভাইসটির সম্ভাব্য উন্মোচনের সময় নিয়ে এবারই সবচেয়ে সুনির্দিষ্ট আভাস পাওয়া গেছে।

২০২৩ সাল থেকেই অ্যাপলের উচ্চক্ষমতাসম্পন্ন ল্যাপটপে টাচস্ক্রিন যুক্ত করার গুঞ্জন চলছে। নতুন ডিভাইসটির সম্ভাব্য নাম হতে পারে ‘ম্যাকবুক আলট্রা’। এতে এমন একটি ডায়নামিক ইন্টারফেস থাকার কথা, যা ব্যবহারকারীর ইনপুট পদ্ধতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে। ল্যাপটপটি এম৫ প্রো ও এম৫ ম্যাক্স চিপে চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টাচস্ক্রিন ম্যাকবুকের পাশাপাশি নতুন ওএলইডি ডিসপ্লেযুক্ত আইপ্যাড মিনি, ১৪ ইঞ্চির এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো এবং হালনাগাদ আইম্যাকও আনতে পারে অ্যাপল। এসব ডিভাইসে নতুন এম৬ চিপ ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৩ অক্টোবর নতুন স্মার্ট হোম গ্যাজেট উন্মোচনেরও গুঞ্জন রয়েছে। তবে এসব ডিভাইসের উন্মোচনের তারিখ ও বৈশিষ্ট্য সম্পর্কে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি।