মহানবীর চার কন্যা

জাহেলিয়াতের যুগে অনেকের কাছে কন্যাসন্তান ছিল লজ্জার কারণ। কন্যাসন্তান জন্মের সংবাদে কেউ কেউ মুখ কালো করে ফেলত। সামাজিক অপমানের ভয়ে তারা কন্যাশিশুকে জীবন্ত কবর দেওয়ার মতো নির্মম কাজও করত। এমন এক অন্ধকার সমাজে মহানবী হজরত মুহাম্মদ (সা.) নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেন। মা, স্ত্রী, কন্যা ও বোন হিসেবে নারীর অধিকার ও সম্মান স্পষ্ট করে দেন। নিজের জীবনেও তিনি কন্যাদের প্রতি গভীর ভালোবাসা ও সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেন।

নবীজি (সা.)-এর কন্যা ছিল চারজন। হজরত জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা (রা.)। তারা প্রত্যেকেই ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্মৃতি রেখে গেছেন।

জয়নব : জয়নব (রা.) ছিলেন রাসুল (সা.)-এর জ্যেষ্ঠ কন্যা। তিনি ৬০০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার বিয়ে হয় খালাতো ভাই আবুল আস ইবনে রাবির সঙ্গে। তাদের ঘরে আলি ও উমামা নামে দুই সন্তান জন্মগ্রহণ করেন। ৬২৯ খ্রিস্টাব্দে জয়নব (রা.) ইন্তেকাল করেন। তাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়।

রুকাইয়া : রুকাইয়া (রা.) ছিলেন নবীজি (সা.) ও খাদিজা (রা.)-এর দ্বিতীয় কন্যা। নবুয়তের সাত বছর আগে তার জন্ম হয়। ইসলাম গ্রহণের পর তিনি আবিসিনিয়ায় হিজরত করেন এবং পরে মদিনায় হিজরত করেন। এ কারণে তাকে ‘জাতুন হিজরাতাইন’ বা দুই হিজরতের অধিকারী বলা হয়। তার বিয়ে হয়েছিল হজরত উসমান ইবনে আফফান (রা.)-এর সঙ্গে। তাদের এক পুত্রসন্তান ছিল, যার নাম আবদুল্লাহ। তিনি শৈশবেই ইন্তেকাল করেন। রুকাইয়া (রা.) ৬২৪ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন।

উম্মে কুলসুম : উম্মে কুলসুম (রা.) ছিলেন নবীজি (সা.)-এর তৃতীয় কন্যা। নবুয়তের ছয় বছর আগে মক্কায় তার জন্ম হয়। প্রথমে তার বিয়ে হয়েছিল আবু লাহাবের ছেলে উতবাহ ইবনে আবু লাহাবের সঙ্গে। ইসলাম গ্রহণের পর তাকে তালাক দেওয়া হয়। পরে রাসুল (সা.)-এর নির্দেশে হজরত উসমান (রা.)-এর সঙ্গে তার বিয়ে হয়। এর আগে উসমান (রা.) নবীজি (সা.)-এর আরেক কন্যা রুকাইয়া (রা.)-এর স্বামী ছিলেন। এ কারণে উসমান (রা.) ‘জিন্নুরাইন’ বা দুই নুরের অধিকারী উপাধিতে পরিচিত হন। উম্মে কুলসুম (রা.) ৬৩০ খ্রিস্টাব্দে মদিনায় ইন্তেকাল করেন।

ফাতেমা : ফাতেমা (রা.) ছিলেন নবীজি (সা.)-এর সর্বকনিষ্ঠ কন্যা। তিনি ছিলেন নবীজি (সা.)-এর অত্যন্ত প্রিয়। আয়েশা (রা.) বর্ণনা করেন, ফাতেমা (রা.) নবীজি (সা.)-এর কাছে এলে তিনি তাকে স্বাগত জানাতেন, তার হাত ধরে চুমু দিতেন এবং নিজের পাশে বসাতেন। (সহিহ মুসলিম ২৪৫০)

ফাতেমা (রা.)-এর বিয়ে হয় নবীজি (সা.)-এর চাচাতো ভাই হজরত আলি ইবনে আবি তালিব (রা.)-এর সঙ্গে। তাদের ঘরে হাসান, হুসাইন, জয়নব ও উম্মে কুলসুম জন্মগ্রহণ করেন। ফাতেমা (রা.) ১১ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন।

লেখক : ইসলামি গবেষক