শৈলকুপায় ট্রাক্টর চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাঁচপাখিয়া গ্রামে ট্রাক্টর চাপায় তাওহীদ (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ওই উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ভাই ভাই মোল্লা ব্রিকস নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত তাওহীদ একই গ্রামের জসিম শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসারা ৩য় শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, সকালে তাওহীদ ইটভাটায় খেলা করছিল। ওই সময় ভাটার মাটি টানা ট্রাক্টরে পেছানোর সময় শিশুটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় তাওহীদ। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

শৈলকুপা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, দুর্ঘটনায় শিশুটি মারা গেছে। পরিবার থেকে অভিযোগ দিলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।