নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু 

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ওই গ্রামের মো. আব্দুস সাত্তার ও পান্না দম্পতির ছেলে মুয়াজ (৬) ও আরাফাত (৪)।  

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত ঘরের পাশের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে এক শিশু। তাকে বিদ্যুতায়িত হতে দেখে চিৎকার করে এগিয়ে আসে তার ভাই। তাকে বাঁচাতে গিয়ে সেও একই তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়।
এ ঘটনার সময় সন্তানদের চিৎকার শুনে মা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হয়ে আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। আর আহত মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে কোনোভাবে তারে বিদ্যুৎ চলে আসলে দুই শিশু বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুদের মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।