ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি।
এ ছাড়া সমাবর্তনে অধ্যাপক ড. আতসুশি সুনামিকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে।
রবিবার (১১অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ৫৪তম সমাবর্তন আয়োজনের প্রস্তুতিবিষয়ক এক সভায় এসব তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।
সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সভায় একটি নির্বাহী কমিটি, একটি ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। উপাচার্য সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও দপ্তরপ্রধানরা।
সভায় উপাচার্য শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।