নিষেধাজ্ঞার সময় মাছ ধরার অভিযোগে ৭ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার মধ্যে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) দুপুরে মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রাসেল মৃধা, জীবন সরকার, মো. ইমরান, মো. লোকমান, জুয়েল, কাজল ও আবু সাঈদ। এদের বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুর, পাচানিসহ আশপাশের এলাকায়।

শুক্রবার (১০ অক্টোবর) রাত ১২টার পর নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্য ও মতলব উত্তর উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে ওই ১০ জেলেকে আটক করেন। এসময় ৩ হাজার মিটার কারেন্ট জাল, দুটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি করে কারেন্ট জাল, মাছ ধরার নৌকা ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাত জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দেন এবং একজনকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অপর দুই অপ্রাপ্তবয়স্ককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের চাঁদপুর কারাগারে পাঠানো হয়েছে। জব্দ করা কারেন্ট জাল উন্মুক্ত স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান এই মৎস কর্মকর্তা।