গণঅভ্যুত্থান: মুগ্ধসহ ১১ জনকে হত্যায় বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালের 

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রবিবার (১১ অক্টোবর) অভিযোগ গঠন করে আগামী ৪ নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করেছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নের্তৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। এর মাধ্যমে দুই বছর আগে গণঅভ্যুত্থানে শহীদ মুগ্ধ হত্যা মামলার বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। 

গত ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পক্ষে- বিপক্ষে উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষ হয়। এ মামলায় ২৬ আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ৮ জন কারাগারে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৮ আসামি এখনো পলাতক। 

আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগের প্রথমটিতে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা ৩ নম্বর সেক্টরে গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে সহযোগিতার পাশাপাশি আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি ও বিস্কুট বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। সতীর্থ আন্দোলনকারীরা তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। একই দিন আন্দোলন চলাকালে উত্তরা এলাকায় আরও ৬ জনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা এলাকায় রিদোয়ান শরীফ, মো. ছাব্বির ইসলাম, মো. আসাদুল্লাহ ও নাঈমা সুলতানাকে গুলি করে হত্যা করা হয়।